পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু প্রিয়ম। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের সাদ্দামের মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত প্রিয়ম দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকার মারুফ পাপ্পুর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল প্রিয়ম। দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের কাছে চলে যায় এবং একপর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজতে শুরু করলে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
পরে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।