
স্টাফ রিপোর্টার |
পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব এবং ঢাকা-১৭ আসনের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা আব্দুর সাত্তার পাটোয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রতীকী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত বৃক্ষরোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।